
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং মার্কিন মিত্র দেশগুলোর ইরানের বিরুদ্ধে সম্মিলিত অভিযানের গুঞ্জনের মধ্যেই যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার—এই সংঘাতে সরাসরি জড়াবে না লন্ডন, পাঠানো হবে না কোনো সেনা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্টারমার স্পষ্ট করে বলেছেন, যুক্তরাজ্য ইরানে সরাসরি সামরিক বাহিনী মোতায়েন করবে না এবং সংঘাতে অংশ নেবে না।
তিনি বলেন, “এটা আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে ঝুঁকব না।”
তবে প্রধানমন্ত্রী জানান, দেশটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করছে। তার ভাষ্য, “রক্ষণমূলক পদক্ষেপ” নেওয়া হচ্ছে, যাতে “ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই আমাদের অঞ্চলের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা যায়।”
স্টারমার আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় সচল রাখতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
একইসঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, “আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব না।”
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র চাইলে ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্রিটিশ বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য।