
বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হবে মঙ্গলবার (৩১ মার্চ), তবে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, ৩০ মার্চ পর্যন্ত দেশে সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি এপ্রিল মাসে আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানি হবে। ফলে আগামী মাসে জ্বালানি সংকটের কোনো সম্ভাবনা নেই বলে তিনি আশ্বস্ত করেন।
অকটেন ও পেট্রোলের ব্যবহার তুলনামূলকভাবে কম উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ ও গণপরিবহনে ব্যবহৃত হয়।
মনির হোসেন চৌধুরী আরও জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় সীমিত করা এবং অনলাইন ক্লাস চালুর মতো উদ্যোগও আলোচনায় রয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে কাজ করছে।