
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, সরকার উচ্চ আয়ের ব্যক্তিরা ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর বৃদ্ধি এবং ব্যাংক লেনদেনের ওপর কর আরোপের বিষয় বিবেচনা করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রামের সার্কিট হাউসে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি বলেন, ‘এ বিষয়ে এনবিআর কাজ করছে এবং কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে। সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, কারণ শুধুমাত্র এনবিআরের পক্ষে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ সম্ভব নয়।’
তিনি আরও জানান, সিটি কর্পোরেশন, পৌরসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে আধুনিক ও কার্যকরভাবে কর আদায়ে যুক্ত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ-সুবিধা বাড়ানো এবারের বাজেটের মূল উদ্দেশ্য। এছাড়া সরকারি প্রকল্পগুলোও ট্যাক্সের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাথে সিস্টেম ইন্টিগ্রেশন ও কাস্টমস বন্ডের অপব্যবহার রোধে অটোমেশন ব্যবস্থা চালু করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান জানান, সম্ভাব্য কর ফেরত স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, যাতে ট্যাক্স প্রদানকারীরা সরাসরি ভ্যাট ও রিটার্ন জমা দিতে পারেন। তিনি কর ফাঁকি ও ভুয়া অডিট রিপোর্ট প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে, সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিকেলে এনবিআর চেয়ারম্যান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় অংশ নেন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট শীর্ষক আরেক আলোচনা সভায় যোগ দেন এনবিআর চেয়ারম্যান।