
সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে দেশের জনগণকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে মোবাইল ফোনে ভয়-ভীতি প্রদর্শন করছে।
সতর্কবার্তায় বলা হয়, প্রতারকরা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে এবং সেগুলোর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে প্রতারণার চেষ্টা চালাচ্ছে।
আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা ব্যক্তিগতভাবে এ ধরনের যোগাযোগ করে না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন, বার্তা বা অন্য কোনো মাধ্যমে ভয় দেখায় কিংবা অসদুপায়ে সুবিধা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে এবং সকলকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।