
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা। অর্থাৎ এক দফায় দাম বেড়েছে ২১২ টাকা।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
একই সঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়ানোয় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দাম বৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালিতে সংকট, এলপিজিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন এবং বিকল্প উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময় ও ব্যয় বেড়েছে। পাশাপাশি বিমা, নিরাপত্তা ও জাহাজভাড়াও বেড়েছে।
এ অবস্থায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানায় কমিশন।