
ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত। তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র সবক্ষেত্রেই সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সব শাখার সঙ্গে সমন্বয় করে ইরানি সেনারা যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে এবং একই সঙ্গে সামরিক সক্ষমতা আরও জোরদার করার কাজ চলছে।
আমির হাতামি বলেন, “আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত। মার্কিন কিংবা ইসরায়েলি হুমকি মোকাবিলায় ইরানের জনগণ আমাদের সঙ্গে আছে।”
এদিকে, তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোরসহ পুরো হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর ও জাহাজগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ এই নৌপথ পুরোপুরি বন্ধ থাকবে।
এর মাধ্যমে ইরান আগের অবস্থান থেকে সরে এসেছে। আগে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ ব্যবহার করতে পারবে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সতর্ক করে বলেছে, কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।