
যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সমঝোতা অনেক দূরে—এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
রোববার (১৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। দ্বিতীয় দফা বৈঠক নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া গালিবাফ বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনা থেকে অনেক দূরে আছি।’
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর ৪০ দিন পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো সমঝোতায় পৌঁছানো ছাড়াই সেই বৈঠক শেষ হয়।
বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ ২১ এপ্রিল শেষ হওয়ার আগে আবারও দুই পক্ষকে আলোচনায় বসাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত বৈঠকের ইঙ্গিত দিয়েছেন, তবুও ইরানের পক্ষ থেকে আলোচনার সময়সূচি নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।
গালিবাফ আরও বলেন, ‘আলোচনায় আমরা অগ্রগতি অর্জন করেছি, কিন্তু এখনো বড় ধরনের ব্যবধান রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য হওয়া বাকি।’
ওয়াশিংটনের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্রকে ইরান বিশ্বাস করে না এবং পরিস্থিতি যেকোনো সময় আবারও সংঘাতে রূপ নিতে পারে।