
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি অব্যাহত রাখলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব-এল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।
রোববার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আমরা যদি বাব এল-মানদেব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।’
লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা এই প্রণালি জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়া ও আফ্রিকার মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংযোগপথ হিসেবেও পরিচিত।
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে।
আল-ইজ্জি আরও বলেন, ‘ফলে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।’
বাব-এল-মানদেব প্রণালি দিয়ে জাহাজগুলো লোহিত সাগর পাড়ি দিয়ে মিসরের সুয়েজ খাল অতিক্রম করে গন্তব্যে পৌঁছায়। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার।
এই পথ দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। পাশাপাশি রাশিয়া থেকে এশিয়ামুখী তেল পরিবহনেও এই রুট ব্যবহৃত হয়। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বর্তমানে অধিকাংশ বাণিজ্যিক জাহাজ বাব-এল-মানদেব দিয়েই চলাচল করছে।
সূত্র: আলজাজিরা