
দেশের চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষ সম্প্রসারণের পরিকল্পনায় নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ সহায়তা কামনা করেন।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। দেশের উর্বর মাটি ও অনুকূল জলবায়ুর কারণে সারা বছরই বিভিন্ন ফসল উৎপাদন সম্ভব। তিনি জানান, চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ণ চাষের মাধ্যমে রপ্তানিমুখী কৃষি সম্প্রসারণের সুযোগ তৈরি করা যেতে পারে।
তিনি আরও বলেন, বেসরকারি পর্যায়ে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে রপ্তানিমুখী যেকোনো উদ্যোগকে সরকার স্বাগত জানাবে। এ ক্ষেত্রে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, নেদারল্যান্ডসও একটি ডেল্টা দেশ হওয়ায় বাংলাদেশের সঙ্গে কৃষি খাতে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার এবং অ্যাকুয়াকালচার খাতে কাজ করতে আগ্রহী তার দেশ।
তিনি আরও জানান, গ্রিনহাউস প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষি প্রটোকল উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দিতে নেদারল্যান্ডস প্রস্তুত রয়েছে।
সাক্ষাতে দুই দেশের কৃষি, প্রাণিসম্পদ ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।