
তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ বা শর্তের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক দেশই দাম সমন্বয় করছে।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “সারা দুনিয়ায় তেলের দাম বেড়েছে। আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে এতদিন দাম বাড়াইনি। এখন সমন্বয় করা হয়েছে, তবে এটি আইএমএফের শর্তের কারণে নয়।”
তিনি আরও বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম তুলনামূলকভাবে কম বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কায় জ্বালানি তেলের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আইএমএফ ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি একটি চলমান আলোচনা প্রক্রিয়া। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, বাংলাদেশ ও আইএমএফের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে এবং তা আরও কিছুদিন চলতে পারে।
তিনি বলেন, “আমরা জনগণ ও ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ পড়ে, এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”
অর্থমন্ত্রী আরও জানান, বিশ্বব্যাংক, আইএমএফ ও আইডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন এবং সবাই দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে আগ্রহী।
তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; এটি পরিস্থিতির ওপর নির্ভর করবে।