
ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, চলমান সংঘাত শেষ করতে শিগগিরই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে।
রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
এদিকে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের গুরুতর অভিযোগ তুললেও এখনো বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব। তার ভাষায়, ট্রাম্প বলেছেন “এই চুক্তি হবেই, সহজে হোক বা কঠিনভাবে।”
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন এবং তারা সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র “ন্যায্য ও যুক্তিসঙ্গত” একটি প্রস্তাব দিয়েছে এবং ইরান তা গ্রহণ করবে বলে আশা করছেন। তবে তা না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ট্রাম্প বলেন, “ইরান যদি প্রস্তাব না মানে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেবে।” তিনি আরও সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে “ভদ্র আচরণের সময় শেষ” হয়ে যাবে।
সূত্র: বিবিসি, আল জাজিরা।