
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার দুই দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৮৪৩ জন শিশুকে টিকা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে তৃতীয় দফার টিকাদান কার্যক্রম শুরু হবে।
এই কর্মসূচি আগামী চার সপ্তাহ চলবে (শুক্র ও সরকারি ছুটির দিন ব্যতীত)। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে।
সরকার প্রথম দফায় ৫ এপ্রিল ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করে। এসব উপজেলায় ২১ লাখ ৮০ হাজার ১০৫ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ওই উপজেলাগুলোতে ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক হিসেবে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে টিকাদান কার্যক্রম শুরু হয়। এসব এলাকায় মোট ৯ লাখ ৭৬ হাজার ৮৩৮ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ১৯ এপ্রিল পর্যন্ত চার সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৬৫১ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারের দ্রুত পদক্ষেপের ফলে হামের প্রাদুর্ভাব কিছুটা কমেছে এবং আগামী সপ্তাহে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, দেশে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে এবং জুন মাস পর্যন্ত কার্যক্রম নির্বিঘ্নে চলবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে টিকাদান কার্যক্রম চালালে কয়েক সপ্তাহের মধ্যেই হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
ইপিআই জানিয়েছে, নার্সারি, কিন্ডারগার্টেন, মক্তব, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন স্থানে থাকা ৬–৫৯ মাস বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি পথশিশু, বস্তির শিশু ও দুর্গম এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ হাজার ৪৪৩ জন হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৬০৬ জন। এদের মধ্যে ১২ হাজার ৩৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত ৩৬ জন নিশ্চিতভাবে হামে এবং ১৮১ জন উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানা গেছে।
সূত্র: বাসস