
পবিত্র হজ ২০২৬ পালনের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। হজযাত্রার প্রথম দিনেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন।
প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০০১ ফ্লাইটে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দার কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮০৩ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭০ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী পরিবহন করে।
হজযাত্রীদের সহায়তায় সৌদি আরবে আইটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। প্রথম দিনেই তারা প্রায় ২৭৫টি সেবা প্রদান করেছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর বড় ধরনের চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।
১৮ এপ্রিল শুরু হওয়া সৌদি আরবগামী ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।