
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে সামনে রেখে ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি সোমবার (২০ এপ্রিল) রাজশাহী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে। সিরিজ শুরুর আগে প্রস্তুতি, উইকেট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আজ (১৯ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি জানান, দল নির্বাচন ও প্রস্তুতি পরিকল্পনায় বেশ সচেতন ছিল টিম ম্যানেজমেন্ট। তিনি বলেন, ‘নির্বাচকরা শ্রীলঙ্কার বিপক্ষে খুব চিন্তাভাবনা করেই আমাদের দলটা দিয়েছেন। তারা চেষ্টা করেছেন, যেসব খেলোয়াড় সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তাদেরকেও এই সিরিজে ঝালিয়ে নিতে।’
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একই ভেন্যুতে অনুশীলন ও ম্যাচ খেলার কারণে প্রস্তুতি ভালো হয়েছে। তবে মাঠে মূল চ্যালেঞ্জ হবে খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতা। জ্যোতি বলেন, ‘অনেকগুলো ম্যাচ খেলেছি এখানে, এসেও অনুশীলন করেছি। সব মিলিয়ে ভালো প্রস্তুতিই হয়েছে। এখন মাঠে খেলোয়াড়রা নিজেদের কতটা উজাড় করে দিতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উইকেট কন্ডিশন নিয়েও নিজের ভাবনা জানান বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ইংল্যান্ডে হতে যাওয়া ওই টুর্নামেন্টে ব্যাটিং সহায়ক উইকেটে খেলার সুযোগ বেশি থাকবে। সে কারণেই এখন থেকেই বড় রান করার অভ্যাস গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে দল। জ্যোতি বলেন, ‘আমরা চেয়েছি ব্যাটিং বান্ধব উইকেট হোক, যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে, রান আসবে। কারণ রান করার অভ্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
রাজশাহীর উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, এই পিচ ব্যাটারদের জন্য সহায়ক হবে বলে তার বিশ্বাস। তার মতে, বড় স্কোর হলে দর্শকদের আগ্রহও বাড়বে। জ্যোতি বলেন, ‘আমার কাছে মনে হয় রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য খুব ভালো। আমি চাই দুই পক্ষ থেকেই অনেক বেশি রান হোক। কারণ রান হলে দর্শকরা মাঠে আসবে, মানুষ খেলা দেখতে আরও পছন্দ করবে।’
দেশে নারী ও পুরুষ ক্রিকেটের খেলার পরিমাণ বাড়লেও মাঠের স্বল্পতা নিয়ে আক্ষেপও করেন তিনি। ঢাকার বাইরে আরও মাঠ তৈরি ও বিদ্যমান মাঠগুলোর মানোন্নয়নের ওপর গুরুত্ব দেন বাংলাদেশ অধিনায়ক।