
চলতি এপ্রিল মাসের প্রথম ২২ দিনেই দেশে এসেছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৬২ কোটি ৬০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে গত মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এছাড়া গত ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
এর আগে ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
অক্টোবরে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।