
ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর ফলে দেশে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং লোডশেডিং কিছুটা কমার আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) শুরু করে। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়ানো হবে। নতুন এই যোগান দেশের মোট উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে লোডশেডিং কমাতে সহায়তা করবে।
বিপিডিবি জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রতিটি উৎস থেকে প্রায় ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
আরএনপিএল হলো রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ, যা নতুন করে বিদ্যুৎ উৎপাদনে যুক্ত হচ্ছে।
বিপিডিবির তথ্য অনুযায়ী, গত ২৫ এপ্রিল দেশে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। একই সময়ে আদানি বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, নতুন ইউনিটগুলো যুক্ত হওয়ায় গ্রীষ্মকালীন চাহিদা মোকাবিলায় কিছুটা স্বস্তি মিলতে পারে।
