
শেয়ারবাজারে বড় ধরনের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ‘এ’ ক্যাটাগরি থেকে অবনমিত করে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। টানা দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়েছে, ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে এখন থেকে বিনিয়োগকারীরা মার্জিন ঋণ সুবিধা পাবেন না। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
একই সিদ্ধান্তে বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংককেও ‘বি’ ক্যাটাগরি থেকে নামিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে আনা হয়েছে। এসব ব্যাংকের ক্ষেত্রেও শেয়ার কেনায় ঋণ সুবিধা বন্ধ থাকবে।
ক্যাটাগরি অবনমনের খবরে বাজারে ইসলামী ব্যাংকের শেয়ারের দরে প্রভাব পড়ে। দিনের শুরুতে শেয়ার দর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা, তবে লেনদেন চলাকালে তা কমে দুপুর ১২টার দিকে ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় লভ্যাংশ দিতে ব্যর্থ হলে বিনিয়োগকারীদের আস্থা কমে যায়, যার সরাসরি প্রভাব পড়ে শেয়ারের দামে। তারা আরও বলছেন, ‘জেড’ ক্যাটাগরিতে নামা সাধারণত কোনো প্রতিষ্ঠানের আর্থিক চাপ ও দুর্বল পারফরম্যান্সের ইঙ্গিত বহন করে, যা বিনিয়োগ ঝুঁকি বাড়ায়।