
ফরিদপুরের সদরপুরে গোখরা সাপের কামড়ে রিপন শিকদার (৩৫) নামে এক যুবক আহত হয়েছেন। তবে ঘটনাটি আরও চাঞ্চল্য তৈরি করে, কারণ কামড় দেওয়ার পর ওই যুবক জীবিত সাপটিকেও ধরে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে যান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত রিপন শিকদার ওই এলাকার রশিদ শিকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন শিকদার আমিরাবাদ এলাকায় একটি মুদির দোকান চালান। ঘটনার সময় তিনি দোকানে বসে পণ্য বের করার জন্য একটি বয়ামে হাত দেন। ওই বয়ামের ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তার ডান কব্জিতে কামড় দেয়।
সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের সহায়তায় সাপটিকে জীবিত অবস্থায় বয়ামে ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এতে এলাকায় আতঙ্ক ও কৌতূহল দুটোই তৈরি হয়।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর পর দ্রুত রিপনকে অ্যান্টিভেনম দেওয়া হয়। সময়মতো চিকিৎসা পাওয়ায় তার অবস্থার উন্নতি হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইফতেখার জানান, রোগীকে দ্রুত হাসপাতালে আনা হওয়ায় তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম প্রয়োগ করা সম্ভব হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।