
দেশের পাঁচটি বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষকরা। বিশেষ করে খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় শক্তিশালী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, ভারতের ঝাড়খণ্ডে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। সেটি সন্ধ্যার পর বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার মতে, ঝড়টি প্রথমে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তবর্তী অঞ্চল দিয়ে দেশে ঢুকতে পারে। পরে এটি বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়ার পাশাপাশি মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।