
পবিত্র হজের আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগা ব্যক্তিরা এ বছর হজের অনুমতি (পারমিট) পাবেন না।
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হজের শারীরিক চাহিদা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের জটিল স্বাস্থ্যঝুঁকি না তৈরি হয় এবং সবাই নিরাপদে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।
যেসব শারীরিক অবস্থায় হজের অনুমতি মিলবে না, সেগুলো হলো—
কিডনির জটিলতা, বিশেষ করে নিয়মিত ডায়ালাইসিস প্রয়োজন হলে
গুরুতর হার্ট ফেইলিউর বা হৃদরোগ
লিভার সিরোসিস
জটিল মানসিক রোগ ও ডিমেনশিয়া
বার্ধক্যজনিত চরম শারীরিক দুর্বলতা
গর্ভাবস্থার শেষ তিন মাসে থাকা নারী
এছাড়া সব হজযাত্রীর জন্য নির্দিষ্ট কিছু টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। হজের অন্তত ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য করোনা ও মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের টিকার মেয়াদ শেষ হয়েছে, তাদের বুস্টার ডোজ নিতে হবে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং মক্কায় সমবেত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের কঠোর স্বাস্থ্যনীতি গ্রহণ করা হয়েছে।