
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাড-হক কমিটির দায়িত্ব নেওয়ার পর একের পর এক উদ্যোগ নিচ্ছেন সভাপতি তামিম ইকবাল। এবার মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি ক্রিকেট অবকাঠামো ও ঘরোয়া ক্রিকেট উন্নয়ন নিয়ে তিনটি নতুন পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, দর্শকদের স্বস্তি, পরিবেশ রক্ষা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয় বিবেচনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, স্টেডিয়ামের যেসব অংশে এখনো ছাউনি নেই, বিশেষ করে স্কোরবোর্ড এলাকার গ্যালারিতে নতুন শেড বা কেনোপি বসানোর পরিকল্পনা রয়েছে। এই অংশে টিকিটের দাম তুলনামূলক কম হওয়ায় এখানে দর্শক উপস্থিতি বেশি থাকে। তীব্র গরমে দর্শকদের কষ্ট কমাতে প্রায় ২৭ হাজার বর্গফুট এলাকায় শেড বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া ঘরোয়া ক্রিকেট কাঠামো নিয়েও নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন তামিম ইকবাল। তিনি জানান, প্রথম শ্রেণির ক্রিকেটে আরও প্রতিযোগিতা বাড়াতে প্রথম ও দ্বিতীয় একাদশ গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
তার ভাষায়, বর্তমানে জাতীয় দলে খেলা ক্রিকেটাররাই একাধিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন, ফলে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সুযোগ সীমাবদ্ধ থাকছে। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ক্রিকেটারদের জন্য পর্যাপ্ত ম্যাচের সুযোগ না থাকায় তারা উন্নতির পর্যায় থেকে পিছিয়ে পড়ছেন।
তামিম বলেন, এই কাঠামোগত সীমাবদ্ধতার কারণে ঘরোয়া লিগ থেকে সরাসরি জাতীয় দলে উঠে আসার নজিরও কম। নতুন পরিকল্পনার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা এবং প্রতিভাবান ক্রিকেটারদের জন্য আরও সুযোগ তৈরি করাই লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।