
পিএসএলের মাঝপথে দেশে ফিরে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখান নাহিদ রানা। সিরিজসেরার পুরস্কারও জেতেন এই তরুণ পেসার। তবে চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে না রাখায় ধারণা করা হয়েছিল, আপাতত লাল বলের ক্রিকেটের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বদলে আবারও পিএসএলের ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ।
বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি জানান, পিএসএলের ফাইনালে খেলার অনুমতি দেওয়ায় বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ। এরপর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
বিসিবি জানায়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার অভিজ্ঞতা একজন ক্রিকেটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিবেচনা থেকেই নাহিদ রানাকে অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের ম্যানেজমেন্ট ও বিসিবির চিকিৎসক দল থেকেও তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগের এবারের ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। অন্য ফাইনালিস্ট হওয়ার দৌড়ে রয়েছে হায়দরাবাদ কিংসম্যান, মুলতান সুলতান ও ইসলামাবাদ ইউনাইটেড।
বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে এটিই নাহিদ রানার প্রথম আসর। পেশোয়ার জালমির হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে সাত উইকেট নিয়েছেন এই পেসার। ওভারপ্রতি রান দিয়েছেন ৫ দশমিক ৪২ করে।