
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বিতর্কেও আবারও শিরোনামে রাজস্থান রয়্যালস। এবার দলের অধিনায়ক রিয়ান পরাগ ড্রেসিংরুমে ই-সিগারেট ব্যবহারের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন, যা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে।
চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালে ঘটনাটি ঘটে। ২২৩ রানের বড় লক্ষ্য তাড়া করার সময় হঠাৎ টেলিভিশন ক্যামেরা ড্রেসিংরুমে থাকা পরাগকে দেখায়। সম্প্রচারে দেখা যায়, ২৪ বছর বয়সী এই ক্রিকেটার ই-সিগারেট টানছেন। দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভারতে ২০১৯ সালের আইন অনুযায়ী ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। উৎপাদন, আমদানি, বিক্রি, সংরক্ষণ এবং ব্যক্তিগত ব্যবহার—সবই শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পরাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএলের আচরণবিধি লঙ্ঘন এবং অধিনায়ক হিসেবে অনুচিত উদাহরণ তৈরির অভিযোগে তার বিরুদ্ধে জরিমানা বা অন্য কোনো শাস্তি আসতে পারে। এর আগে ম্যাচ চলাকালে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের কারণে রাজস্থানের ম্যানেজার রবিন্দর সিং ভিন্দারকে ১ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।
তবে মাঠের খেলায় এই বিতর্কের প্রভাব পড়েনি। বড় লক্ষ্য তাড়া করে ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় রাজস্থান রয়্যালস। এ ম্যাচে পাঞ্জাব কিংস পায় তাদের মৌসুমের প্রথম হার। জয়ী ম্যাচে ১৬ বলে দুটি চার ও দুটি ছক্কায় ২৯ রান করেন পরাগ। যদিও এবারের আসরে তার পারফরম্যান্স খুব একটা ভালো নয়—৯ ম্যাচে তার সংগ্রহ ১১৭ রান, গড় ১৪.৬২।
উল্লেখ্য, আগের মৌসুমেও মাঠে ঢুকে প্রণাম করার জন্য লোক ভাড়া করার অভিযোগে সমালোচিত হয়েছিলেন পরাগ। নতুন করে ই-সিগারেট বিতর্কে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন তিনি।