
রাজধানীর বনানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সরকারি গাড়ির সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পরপরই তাকে আটক করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং অংশে চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রাস্ট মিনিবাসের সঙ্গে প্রতিমন্ত্রীর বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাসচালককে হেফাজতে নেয়।
পরবর্তীতে প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই চালক ওমর ফারুক (২৫)-কে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।