
দেশের ছোট শিল্পগুলো কঠিন সময় পার করছে উল্লেখ করে এসব খাতকে টিকিয়ে রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট-পূর্ব বৃহৎ সভায় তারা কর ও ভ্যাট নীতিতে পরিবর্তনের দাবি জানান।
সভায় ব্যবসায়ীরা বলেন, উৎপাদন খাতে ভ্যাটের চাপ বেড়ে যাওয়ায় ছোট শিল্পগুলো ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওবায়দুর রহমান আলোচনায় বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এসব শিল্পকে বাঁচান।’
তিনি আরও প্রস্তাব দেন, প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করে জেলা ও উপজেলা পর্যায়ে কর আদায় বাড়ানো হলে রাজস্ব বৃদ্ধি সম্ভব। একই সঙ্গে ছোট শিল্পের ওপর ভ্যাট কমানোর আহ্বান জানান তিনি।
সভায় ব্যবসায়ীরা ছোট শিল্প রক্ষায় ভ্যাট কমানো এবং কর নীতি সহজ করার দাবি জানান। তাদের মতে, উৎপাদন খাত বাঁচাতে হলে নীতিগত সহায়তা জরুরি।
এনবিআর ও এফবিসিসিআই আয়োজিত এই সভায় অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, এনবিআর চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারাও আলোচনায় অংশ নেন এবং বাজেট প্রণয়নে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।