
নিত্যপণ্যের বাজারে উত্তাপ বাড়িয়ে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম আরও ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার ও অভ্যন্তরীণ চাহিদা বিবেচনায় ভোজ্যতেলের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি ও মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, এখন থেকে এক লিটারের এক বোতল সয়াবিন তেল কিনতে ভোক্তাদের খরচ করতে হবে ১৯৯ টাকা। যারা ৫ লিটারের বোতল কিনবেন, তাদের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও লিটারে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে; যার বর্তমান বাজারমূল্য ১৭৯ টাকা।
মূল্য সমন্বয় সম্পর্কে বৈঠকের পর জানানো হয়, "বোতল সয়াবিন তেলের মূল্য সমন্বয়। নতুন মূল্য লিটার প্রতি ১৯৯ টাকা। ৫ লিটার ১০৪০ টাকা। লুজ সয়াবিন ১৭৯ চাকা"
সংশ্লিষ্টরা জানান, ভোজ্যতেলের বিশ্ববাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত বিরতিতে এই মূল্য সমন্বয় করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, যথাযথ আইনি প্রক্রিয়া এবং বাজার বিশ্লেষণের মাধ্যমেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে। আজ থেকেই সারা দেশের বাজারে এই নতুন মূল্য তালিকা কার্যকর হওয়ার কথা রয়েছে।