
ব্যাংক খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উৎসাহ বোনাস দেওয়ার বিষয়ে নতুন সুযোগ সৃষ্টি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ ইনসেনটিভ বোনাস প্রদান করা যাবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ৯ ডিসেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার নম্বর ১২ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে বোনাস দেওয়ার আগে কিছু শর্ত মানতে বলা হয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে নির্ধারিত শর্ত অনুযায়ী বোনাস পাওয়ার যোগ্যতা না থাকলেও, বিশেষ অর্জনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।
তবে এই সুবিধা পেতে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না, যদিও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিফার্ড প্রভিশন সংক্রান্ত সমন্বয় এ ক্ষেত্রে বিবেচনার বাইরে থাকবে। তৃতীয়ত, নতুন করে কোনো সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না।
এই নির্দেশনার মাধ্যমে ব্যাংক খাতে কর্মীদের উৎসাহিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।