
দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল অনেক আগেই। দক্ষিণী তারকা যশকে নতুন রূপে দেখার অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা। কিন্তু মুক্তির ঠিক আগে এসে বদলে গেল সব হিসাব। আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ দেখতে।
আগামী ৪ জুন সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে নির্মাতারা। কারণ হিসেবে বলা হচ্ছে, বিশ্বজুড়ে বড় পরিসরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা এখন আরও বিস্তৃত হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ার পর মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ‘সিনেমা কন’-এ ছবিটির বিশেষ উপস্থাপনা বিভিন্ন আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠানের নজর কাড়ে। এরপর থেকেই নতুন করে শুরু হয় বৈশ্বিক ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা। প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, বিভিন্ন দেশের পরিবেশনা চুক্তি চূড়ান্ত করতেই এই অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে।
এ নিয়ে দ্বিতীয়বার পিছিয়ে গেল সিনেমাটির মুক্তি। এর আগে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে মার্চের নির্ধারিত মুক্তির তারিখ বদলে জুনে নেওয়া হয়েছিল।
সিনেমাটি নিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন যশ। একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কিছু সিনেমা শুধু তৈরি করার জন্য নয়, বরং মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা কেন সিনেমাকে ভালোবাসি। “টক্সিক” ঠিক তেমনই একটি যাত্রা।’ তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে যেভাবে সাড়া মিলছে, তাতে আমরা চাই সিনেমাটি সঠিক সময়েই সবচেয়ে বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছাক।’
গীতু মোহানদাস পরিচালিত এই ছবিতে যশের সঙ্গে আছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটি পরে বাংলাসহ আরও কয়েকটি ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনাও রয়েছে।