
দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে থাকা বিপুল পরিমাণ ব্যাংক আমানত জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তার ৮৭টি এফডিআর এবং পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার আদালতে এ আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, খন্দকার মোশাররফ হোসেন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন। এছাড়া তার ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এই অভিযোগের ভিত্তিতে গত বছরের ২ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা দায়ের করা হয়। আবেদনে বলা হয়, তদন্তের স্বার্থে তার নামে থাকা ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআর দ্রুত অবরুদ্ধ করা প্রয়োজন।
মামলার বিবরণে আরও বলা হয়েছে, তিনি দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকার সম্পদ নিজের দখলে রাখেন। পাশাপাশি ৭ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকার স্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থের উৎস আড়াল করার চেষ্টা করেছেন।
এছাড়া তার নিজের নামে ও ছদ্মনামে পরিচালিত ১৫টি ব্যাংক হিসাবে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মোট লেনদেন দাঁড়ায় ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলার, যা দুদকের তদন্তে অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে।