
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিরোধীদলীয় সদস্যদের হট্টগোলের কারণে সংসদ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘উনি (ফজলুর রহমান) বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমি কোন দল করবো, এর ওপর হস্তক্ষেপ করার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি।’
তিনি আরও বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান হিসেবে জামায়াত করি, এটি আমার সাংবিধানিক অধিকার। কারও কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না।’
এর আগে ফজলুর রহমান সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করলে তা ‘ডাবল অপরাধ’ হিসেবে গণ্য হবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়।