
সরকারি চাকরি থেকে ইস্তফার নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন খারিজ করা হয়। রিটার্নিং কর্মকর্তার আগের সিদ্ধান্তই বহাল থাকে।
এর আগে মনিরা শারমিন মনোনয়নপত্র জমা দিলেও বাছাইয়ে তা বাতিল করা হয়। পরে তিনি ইসিতে আপিল করেন, কিন্তু সেখান থেকেও কোনো স্বস্তি মেলেনি।
ইসির সিদ্ধান্তের পর মনিরা শারমিন জানিয়েছেন, তিনি প্রার্থিতা ফিরে পেতে এখন হাইকোর্টে যাবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তার আপিল নামঞ্জুর হয়েছে, ফলে মনোনয়নপত্র বাতিলই থাকবে।”
এদিকে সংরক্ষিত নারী আসনের অন্যান্য প্রার্থীদের মধ্যে বিএনপি জোট, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে মোট ৪৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একমাত্র একটি আসন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে বলে জানা গেছে।
ইসির তফসিল অনুযায়ী, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ১২ মে ভোট হওয়ার কথা রয়েছে। তবে সংরক্ষিত নারী আসনে সাধারণত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রবণতা থাকে।
