
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের দাবি করেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদিকে কোনো একক পক্ষ নয়, বরং ‘সর্বদলীয় সমঝোতার ভিত্তিতে’ হত্যা করা হয়েছে।
তার ভাষায়, দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় ব্যর্থতা এবং বিভিন্ন শক্তির অবস্থান মিলিয়েই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তিনি মনে করেন।
একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জাবের বলেন, ওসমান হাদি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিদ্যমান সাংস্কৃতিক আধিপত্য ও রাজনৈতিক ভুল ব্যাখ্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
তার মতে, রাষ্ট্রের নানা অনিয়ম ও ক্ষমতার কাঠামোর সমালোচনামূলক বয়ান তৈরি করায় তিনি বিভিন্ন পক্ষের জন্য অস্বস্তির কারণ হয়ে ওঠেন। এই অবস্থান থেকেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি ধারণা করেন।
তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হলে তা কেবল একটি ব্যক্তি বা সংগঠনের নয়, বরং দেশের সামগ্রিক ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।