
দেশে পুলিশ বাহিনীর জনবল কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব পদে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ সদস্য ২ লাখ ৭ হাজার ৭৪৫ জন, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।
তিনি আরও বলেন, নতুনভাবে অনুমোদিত ১৪ হাজার ৫০০ পদের মধ্যে থাকবে ৫০০ সহকারী পুলিশ সুপার (এএসপি), ৪ হাজার উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) এবং ১০ হাজার কনস্টেবল পদ।
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবল শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমান সরকারের মেয়াদে দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬০৪ জন হত্যা মামলার আসামি এবং ৫৩০ জন ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব মামলার মধ্যে ১১ জন হত্যা মামলার এবং ৭১ জন ধর্ষণ মামলার আসামি জামিনে মুক্তি পেয়েছেন। গুরুতর এসব অপরাধের মামলাগুলো দ্রুত তদন্ত করে যথাযথ প্রমাণসহ অভিযোগপত্র দাখিলের কাজ চলমান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।