
আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেন ইইউ পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। সাত সদস্যের এ প্রতিনিধি দল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। সেখানে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের ইতিবাচক ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং মাহদী আমিন।
বৈঠক সূত্রে জানা গেছে, ইইউ প্রতিনিধিদল বিএনপির কাছে ১৯ দফা সুপারিশ সংবলিত একটি প্রস্তাবনা তুলে ধরে, যার মধ্যে ছয়টি বিষয়কে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর এ ধরনের যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।