
পটুয়াখালীতে কালবৈশাখি ঝড়ের সময় একটি বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে আয়ান চন্দ্র (৯) নামের এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী শহরের কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন আয়ানের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হওয়ার পর সে তার দুই সহপাঠীর সঙ্গে স্কুলের গেট দিয়ে বের হচ্ছিল। ঠিক তখনই হঠাৎ শুরু হওয়া কালবৈশাখি ঝড়ে গেটটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে। এতে আয়ানসহ অন্তত চার থেকে পাঁচজন শিক্ষার্থী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটি শেষে কয়েকজন শিক্ষার্থী গেটের সামনে অবস্থান করছিল। এ সময় ঝড়ের তীব্রতা বাড়লে দারোয়ান গেট বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু শক্তিশালী বাতাসে গেটটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে যায় এবং শিক্ষার্থীরা চাপা পড়ে যায়। দ্রুত সরতে পারায় কয়েকজন বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেলেও আয়ান গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আয়ানের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিদ্যালয়ের উপাধ্যক্ষ সাহনাজ আক্তার বলেন, হঠাৎ কালবৈশাখি ঝড়ের তীব্রতায় নবনির্মিত গেটটি ভেঙে পড়ে। দারোয়ান চেষ্টা করলেও নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।