
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রভাব এবার পড়েছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাংকিংয়েও। ঘরের মাঠে দুর্দান্ত বোলিংয়ে নজর কাড়া বাংলাদেশের তিন পেসার শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা বড় ধরনের উন্নতি করেছেন বোলারদের তালিকায়।
তিন ম্যাচের সিরিজে এই পেস ত্রয়ী মিলে নিয়েছেন ১৮ উইকেট। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তাঁরা। শরিফুল ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। মুস্তাফিজুর রহমানের উন্নতি আরও বেশি, ১৪ ধাপ এগিয়ে এখন তাঁর অবস্থান ৪১তম। সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ পঞ্চাশে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তিতে তিনি উঠে এসেছেন ৪৮ নম্বরে।
শুধু বোলার নন, ব্যাটারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৩২ নম্বরে। লিটন দাস ১৫ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৬৫ নম্বরে। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাট ও বল হাতে অবদান রাখা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডারদের র্যাংকিংয়ে যৌথভাবে তিন নম্বরে অবস্থান করছেন।
টি-টোয়েন্টি র্যাংকিংয়েও এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের অগ্রগতি। প্রথম ম্যাচে ম্যাচসেরা হওয়ার পর তাওহীদ হৃদয় ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে এখন ৩৯ নম্বরে। পারভেজ হোসেন ইমন তিন ধাপ উন্নতি করে পৌঁছেছেন ৪০ নম্বরে। বোলারদের তালিকায় মেহেদী হাসানও তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে।