চলতি এপ্রিলের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৯১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে প্রবেশ করেছে ১০ কোটি ৩৯ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২৯০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ।
এর আগে মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়ে। এছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।