
দীর্ঘ ৫৭ দিনের অচলাবস্থা কাটিয়ে আবারও সচল হয়েছে ইরানের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। যুদ্ধের প্রভাবে বন্ধ থাকা এই বিমানবন্দর দিয়ে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিকতার আভাস মিলছে।
সংঘাতের সময় আকাশসীমা বন্ধ থাকায় রাজধানী তেহরানের এই গুরুত্বপূর্ণ বিমানবন্দর দীর্ঘদিন কার্যক্রমহীন ছিল। তবে দুই দিন আগে আকাশপথ খুলে দেওয়ার পর আবার বিমান ওঠানামা শুরু হয়েছে।
স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হতো, বর্তমানে তা কমে ১০ থেকে ১৫টিতে দাঁড়িয়েছে। যদিও ধীরে ধীরে ফ্লাইট সংখ্যা বাড়ছে এবং টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।
দেশজুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই এই বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। যুদ্ধের সময় তেহরানের অভ্যন্তরীণ রুটের বিমানবন্দর মেহরাবাদ একাধিকবার হামলার শিকার হয়েছে। পাশাপাশি তাবরিজ ও উর্মিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দরও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
অচলাবস্থা কাটিয়ে আংশিক স্বাভাবিকতা ফিরলেও মানুষের মনে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে, নাকি আবারও সংঘাত শুরু হবে—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাটেনি।
সূত্র: আল-জাজিরা