
জাতীয় সংসদে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। তিনি বলেন, দেশে মানুষের তৈরি আইনের পরিবর্তে কুরআনের বিধান কার্যকর করা উচিত।
বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ বক্তব্য দেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মুজিবুর রহমান বলেন, ‘আমরা আল্লাহর আইন চাই। আসুন, মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি।’
সংসদ সদস্য বলেন, সংসদ ভবনে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমান’ লেখা রয়েছে। তাই দেশের আইনের মূল উৎস হওয়া উচিত আল কুরআন। তাঁর দাবি, দেশের অধিকাংশ মানুষ কুরআনে বিশ্বাস করে এবং কুরআনের বিধান বাস্তবায়ন দেখতে চায়।
বক্তব্যে তিনি সুরা হজের ৪১ নম্বর আয়াতের উল্লেখ করে বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা থাকবে, তাদের নামাজ কায়েম, যাকাত চালু, ভালো কাজের নির্দেশ ও মন্দ কাজ প্রতিরোধ নিশ্চিত করা উচিত।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনামলের প্রসঙ্গ টেনে মুজিবুর রহমান বলেন, একাধিকবার ক্ষমতায় থেকেও দলগুলো জাতীয় সংসদে কুরআনের কোনো আইন কার্যকর করেনি।
প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি প্রশ্ন তোলেন, দেশে কেন নামাজ ও যাকাতভিত্তিক ব্যবস্থা চালু করা হয়নি এবং কেন সমাজের অন্যায়-অবিচার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এ সময় দেশে ইসলামী আইন বাস্তবায়ন বিষয়ে পরামর্শ দিতে একটি ইসলামী বোর্ড গঠনের প্রস্তাবও দেন তিনি। তাঁর প্রস্তাব অনুযায়ী, সংসদে থাকা মাদ্রাসাপাস সদস্য, বিভিন্ন মাজহাবের আলেম ও আহলে হাদিস আলেমদের নিয়ে এই বোর্ড গঠন করা যেতে পারে।
বক্তব্যে সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজিরও সমালোচনা করেন জামায়াতের এই সংসদ সদস্য।