
রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তিকে মারধর করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সরদহ রেলস্টেশন এলাকায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সরদহ রেলস্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে ভুক্তভোগী নারীর স্বামী চারঘাট থানায় মামলা করেন। মামলায় চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের আশরাফুল ইসলামকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দম্পতি ট্রেন ও বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তারা বিভিন্ন স্টেশনে পপকর্ন বিক্রি শেষে রাতে ঢাকাগামী একটি ট্রেন থেকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি দোকানে বসে খাবার খাওয়ার সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে আহত করেন। পরে তাকে একটি পরিত্যক্ত দোকানে নিয়ে বেঁধে রাখা হয়। একই সময় তার কাছ থেকে পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর ভুক্তভোগী নারীকে স্টেশনের পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ব্যক্তির দাবি, তিনি চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেননি। কিছু সময় পর স্থানীয় কয়েকজন এসে তাকে উদ্ধার করেন। পরে কাছের একটি স্থান থেকে তার স্ত্রীকে উদ্ধার করা হয়।
সরদহ রেলস্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির বলেন, গভীর রাতে ঘটনাটি ঘটায় তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি জানতে পারেননি। পরে খবর পেয়ে পুলিশকে জানানো হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।