
আবারও আন্তর্জাতিক মঞ্চে দেখা যেতে যাচ্ছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। তবে এবার তিনি অভিনয় নয়, বরং সঞ্চালকের দায়িত্বে হাজির হবেন জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে।
আগামী ২৩ মে আয়োজিত এই আন্তর্জাতিক আসরে দ্বিতীয়বারের মতো উপস্থাপকের দায়িত্ব পালন করবেন রাশমিকা। এর আগে ২০২৪ সালেও তিনি একই অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত।
রাশমিকা মান্দানার ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে। এরপর ২০১৮ সালে তেলুগু সিনেমা ‘চলো’ দিয়ে তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান আরও শক্ত করেন। ধীরে ধীরে তিনি তেলুগু ও কন্নড়ের পাশাপাশি হিন্দি ও তামিল সিনেমাতেও নিয়মিত কাজ শুরু করেন, যা তাকে প্যান-ইন্ডিয়া তারকায় পরিণত করেছে।
সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিক বিজয়ের সঙ্গে বিয়ে ও হানিমুন শেষে তিনি আবারও কাজে ফিরেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়।
বর্তমানে রাশমিকার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। আগামী ১৯ জুন মুক্তি পাবে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন। পাশাপাশি চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’।
আন্তর্জাতিক মঞ্চে সঞ্চালকের দায়িত্ব নিয়ে রাশমিকা আবারও প্রমাণ করতে যাচ্ছেন, তিনি শুধু পর্দার অভিনেত্রী নন, বিশ্ব বিনোদন অঙ্গনেও ক্রমেই গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠছেন।