
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও একাত্তরের ইতিহাসকে খাটো করার যে কোনো চেষ্টা মেনে নেওয়া কঠিন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মির্জা ফখরুল বলেন, একাত্তর বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের ভিত্তি। তাই এ বিষয়টি বারবার উচ্চারণ করা হয় এবং এর গুরুত্ব কখনো কমে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, একাত্তরকে নিয়ে কেউ কটাক্ষ করলে বা এর মর্যাদা খর্ব করার চেষ্টা করলে তা দেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, তিনি নিজেকে এ বিষয়ে বিশেষজ্ঞ মনে করেন না, তাই বিস্তারিত মতামত দিতে চান না। তবে এ নিয়ে আগের বক্তাদের বক্তব্যের সঙ্গে তিনি একমত পোষণ করেন।
ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সে সময় অনেক সহযোদ্ধা জীবন দিয়েছেন, কেউ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের প্রতি তিনি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
৫ আগস্টের পর রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার অভিযোগও তিনি নাকচ করেন। তার দাবি, তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে, বরং অন্য পক্ষ ক্ষমতার সম্ভাবনা দেখে অবস্থান পরিবর্তন করেছে।
নির্বাচন নিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ এ ধরনের অভিযোগ গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।