
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল। পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন সংস্কার কার্যক্রম, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা, কমিউনিটি পুলিশিং ও সাইবার নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করেন।
এ সময় তারা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির ইউনেস্কোর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।