
চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাষ্ট্রপতির বিদেশযাত্রার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ৯ মে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। সেখানে একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হবে। সফর শেষে তিনি ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে।
সফরে তার সঙ্গে সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ মোট চার সদস্যের প্রতিনিধি দল থাকার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।