
দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম—মোট ভোট পড়েছে প্রায় ৩৪ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন জানান, সমিতির মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে দুই দিনে ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন আইনজীবী। এর মধ্যে প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ৪ হাজার ৩১০ জন।
তিনি বলেন, “খুব সুন্দর ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে।”
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুই প্যানেলের মধ্যে। বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে। অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল) থেকে।
দুই প্যানেলেই ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কয়েকজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তবে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আগ্রহ দেখালেও অনুমতি না পাওয়ার অভিযোগ রয়েছে।
এখন সবার নজর ভোট গণনা ও ফলাফল ঘোষণার দিকে।