
ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি পোশাক খাতের অধিকাংশ শ্রমিকের বোনাস ও বেতন পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। ঢাকা ও চট্টগ্রামের প্রায় সব চালু কারখানায় এপ্রিলের বেতন পরিশোধের পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানে ঈদ বোনাসও দেওয়া হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সোমবার (২৫ মে) এক বার্তায় সংগঠনটি জানায়, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি এবং চট্টগ্রামে ৩৪০টি কারখানা রয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৩টি এবং চট্টগ্রামের ৩৩৪টি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।
অন্যদিকে ঈদ বোনাস দিয়েছে মোট ২ হাজার ২১টি কারখানা। শতকরা হিসাবে যা ৯৪ দশমিক ৭০ শতাংশ। ঢাকায় ১ হাজার ৭০৯টি এবং চট্টগ্রামে ৩১২টি কারখানায় বোনাস দেওয়া হয়েছে।
এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৭৬৭টি কারখানা, যা মোট কারখানার ৩৫ দশমিক ৯৪ শতাংশ।
ঈদকে কেন্দ্র করে ধাপে ধাপে রাজধানী ছাড়ছেন পোশাকশ্রমিকেরা। বিজিএমইএ জানায়, ২৪ মে ঢাকা ছেড়েছেন ১০৮টি কারখানার শ্রমিকরা। আগামী ২৫ ও ২৬ মে যথাক্রমে ৬৬৪টি ও ৭৭১টি কারখানার কর্মীরা ঢাকা ছাড়বেন। আর ২৭ মে আরও ২৫১টি কারখানার শ্রমিক ঈদের ছুটিতে বাড়ির পথে রওনা হবেন।
ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ নিয়ে প্রতি বছর শ্রমিক অসন্তোষের আশঙ্কা থাকলেও এবার বেশিরভাগ কারখানায় সময়মতো অর্থ পরিশোধ হওয়ায় শিল্পাঞ্চলে স্বস্তির পরিবেশ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।