
পরপর দুই বার বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমল তেজাবী স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) 'স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং'-এর সাম্প্রতিক বৈঠকে সর্বসম্মতিক্রমে জুয়েলারি পণ্যের নতুন এ দর নির্ধারণ করা হয়, যা আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের বিক্রয়মূল্য ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন নির্ধারিত মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বিক্রয় মূল্যের বাইরে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে।
বাজুসের সমন্বয় করা নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।