
কর ফাইল অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।
রোববার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়া কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে করদাতাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে এনবিআর।
প্রথমত, কর নিরীক্ষা সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।
দ্বিতীয়ত, কর বা ফি পরিশোধ করতে হবে শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি বিকাশ, নগদ, রকেট কিংবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।
তৃতীয়ত, সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
চতুর্থত, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।
এনবিআর জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতারণার এমন কৌশল থেকে নিজের অর্থ ও তথ্য সুরক্ষিত রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।