
জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলন ইউএনকপস-২০২৬ (UNCOPS 2026)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রোববার (৫ জুলাই) পুলিশ সদরদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সদরদপ্তর জানায়, শনিবার দিবাগত রাতে আইজিপি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুনসহ অন্যান্য কর্মকর্তা।
আগামী ৭-৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী সম্মেলনের মূল অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বক্তব্য দেবেন। তাদের বক্তব্যে ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।
সম্মেলনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে প্রতিনিধিত্ব, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
পুলিশ সদরদপ্তর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশ পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষ অবদানকারী। এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে দেশের অবদানকে আরও দৃশ্যমান করবে।