
টানা ভারী বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে—এমন আশঙ্কায় শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। গত ২৪ ঘণ্টায় কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক দিনে মুম্বাইয়ের বেশ কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি এবং কিছু এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
রোববার সকালে মেট্রো, বাসসহ বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট)-এর গণপরিবহন স্বাভাবিকভাবে চললেও শহরতলির রেলসেবায় বিলম্বের অভিযোগ করেছেন যাত্রীরা।
বিএমসি জানিয়েছে, জরুরি প্রয়োজনে নাগরিকরা পৌর সংস্থার হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নিচু ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকেল ৩টা ২২ মিনিটে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ার এবং সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের সম্ভাবনা রয়েছে।
এর আগে শনিবারের ভারী বৃষ্টিতে মাত্র ১২ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি সড়কে ধস, গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন ঘটে।
মুম্বাইয়ের পাশাপাশি থানে, পালঘর, নভি মুম্বাই ও পুনে অঞ্চলেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে। এসব এলাকায় ভূমিধস, জলাবদ্ধতা, সড়ক বন্ধ হয়ে যাওয়া এবং বন্যাকবলিত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।